সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে ‘বাংলাদেশ প্রথম’ নীতির দৃঢ় অবস্থানের এক স্মরণও বটে। তার প্রয়াণের সঙ্গে শোক প্রকাশের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতার একটি বড় পরিবর্তনও তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীর অবদান ও অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশপন্থী রাজনীতিতে তার আপসহীন অবস্থান এখন অনেকের কাছে স্বীকৃত।
একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। যারা দীর্ঘদিন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতিকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিলেন, তারা আজ সেই বাংলাদেশপন্থী রাজনীতিকেই উদযাপন করছেন।
ফারুকীর মতে, সার্বভৌমত্ব এবং ‘বাংলাদেশ প্রথম’ নীতি উপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। দেশের মূল প্রশ্নগুলোকে অন্য কোনো অজুহাতে আড়াল করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে চব্বিশের বিপ্লব বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হয়।
তিনি আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া তার আদর্শ ও অবস্থানের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং জীবদ্দশায় সেই ফল দেখার সুযোগ পেয়েছেন। ফারুকীর ভাষায়, অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দৃঢ় অবস্থান নিয়ে তিনি বিদায় নিয়েছেন।
সবশেষে তিনি বলেন, দেশের মূল প্রশ্নে খালেদা জিয়ার অনমনীয় অবস্থানই তাকে আজকের প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তুলেছে।
দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





